বৃক্ষপ্রেমী গহের আলী

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০২:১১ এএম

বৃক্ষপ্রেমী মানুষের কাছে এক অনন্ত প্রেরণার নাম গহের আলী। পেশায় ভিক্ষুক এই মানুষটি নিজের ঐকান্তিক ইচ্ছায় দুঃসাধ্য সাধন করেছিলেন। তিনি মানুষের কাছ থেকে তালের বীজ সংগ্রহ করে রাস্তার দুপাশে রোপণ করতেন। গহের আলীর বাড়ি ছিল নওগাঁর মহাদেবপুর উপজেলার শিকারপুর গ্রামে। রাজশাহী-নওগাঁ মহাসড়কের মহাদেবপুর উপজেলার বলিহার সেতু থেকে নারায়ণপুর সেতু পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার দুই পাশে তিনি তালের চারা লাগিয়েছিলেন। এ ছাড়া এলাকার গোরস্তান ও পতিত জায়গায় সব মিলিয়ে ১২ হাজার তালগাছ লাগিয়েছিলেন এই বৃক্ষপ্রেমী। তার এই কাজের স্বীকৃতিস্বরূপ ২০০৯ সালে লাভ করেছিলেন জাতীয় পরিবেশ পদক। তখন গহের আলীর বয়স ছিল ১০৭ বছর। পরের বছরই মারা যান তিনি। কিন্তু ছিল তার স্মৃতি, তার লাগানো গাছগুলো।

পরে রাস্তা সম্প্রসারণের জন্য ওই তালগাছ কাটা পড়ে। অবশ্য সরকারি তত্ত্বাবধানে রাস্তার দুপাশে বৃক্ষরোপণ করা হয়েছে। তবু স্থানীয় তরুণরা বৃক্ষপ্রেমী গহের আলীর স্মৃতি ধরে রাখতে বিভিন্ন রাস্তার পাশে তালগাছ রোপণের উদ্যোগ নিয়েছে। এভাবেই গহের আলী বৃক্ষরোপণে আজও অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত