বিচ্ছেদের পর একসঙ্গে নাগা-সামান্থা

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০১:১৮ এএম

ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এই তারকা ‘মায়োসিটিস’ নামের এক কঠিন রোগের সঙ্গে লড়ছেন। কঠিন সময়ে তার জন্য সুখবর বয়ে আনল তার অভিনীত ছবি ‘যশোদা’। অসুস্থতার মধ্যেও শ্যুটিং করা ‘যশোদা’ মুক্তির আগেই আয় করেছে বড় অঙ্কের অর্থ। সামান্থা অভিনীত মুক্তির আগের সর্বোচ্চ আয় করা ছবি এটি। ‘যশোদা’র ডিজিটাল স্বত্ব বিক্রি করা হয়েছে ২৪ কোটি রুপিতে। এ ছাড়া স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে ১৩ কোটি রুপিতে। ভারতের মধ্যে ডিস্ট্রিবিউশন থেকে ছবিটি আয় করেছে ১২ কোটি রুপি। আর হিন্দি ডাবিং স্বত্ব সাড়ে ৩ কোটি ও ভারতের বাইরে স্বত্ব বিক্রি করা হয়েছে আড়াই কোটি রুপিতে। সব মিলিয়ে মুক্তির আগে ছবির আয় ৫৫ কোটি রুপি। ছবিতে একজন সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। গত শুক্রবার মুক্তি পাওয়া এই ছবিতে তার অভিনীত চরিত্রটি দুর্নীতিগ্রস্ত চিকিৎসাব্যবস্থার কালো পর্দা উন্মোচিত করে। নারীকেন্দ্রিক ছবিটি নিয়ে এই তারকা কিছুটা ‘নার্ভাস’ ছিলেন। তার মতে, এ ধরনের ছবি অনেকে নিতে পারে না। তাই আশঙ্কা করছিলেন দর্শক প্রেক্ষাগৃহে আসবেন কি না। কিন্তু ছবিটি সামান্থার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে ধরা দিল। ‘যশোদা’ সামান্থার ক্যারিয়ারে প্রথম ছবি, যা হিন্দি ভাষার দর্শকদের জন্য মুক্তি পায়। এ ছাড়া তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায়ও মুক্তি পেয়েছে ছবিটি। শুধু অসুস্থতার মধ্যে শ্যুটিং করেছেন তা নয়, অ্যাকশন ঘরানার এই ছবির অ্যাকশন দৃশ্যের জন্য মারপিটের প্রশিক্ষণ নিচ্ছেন সামান্থা। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে আবারও প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন সামান্থা। খুব শিগগির বিজ্ঞাপনের কাজে একসঙ্গে দেখা যাবে তাদের। দুই তারকার ঘনিষ্ঠ সূত্রের খবর, সামান্থা-নাগা দুজনই এ বিষয়ে ওয়াকিবহাল যে জুটি হিসেবে তারা খুবই জনপ্রিয়। বিয়ে ভেঙে গেলেও প্রাক্তন স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে ফোন করে তার খোঁজখবর নেন নাগা। সেই সময় সামান্থার সঙ্গে দেখা করতে যান অভিনেত্রীর প্রাক্তন শ^শুর নাগার্জুন। এখনো যে সামান্থাকে বন্ধু বলে মনে করেন নাগা, এটাই তার প্রমাণ। করণ জোহরের শোতে সামান্থাও জানান, প্রাক্তন স্বামীর সঙ্গে সম্পর্ক অনেকটাই স্বাভাবিকের পথে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত