নভেল করোনাভাইরাস মোকাবিলায় চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের প্রশংসা করে ‘মৌখিক বার্তা পাঠিয়েছেন’ উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং-উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে (কেসিএনএ) শুক্রবার এমন খবর প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিকভাবে করোনা নিয়ন্ত্রণের জন্য কিম জং-উন শিকে স্যালুট জানিয়েছেন। একই সঙ্গে তার সুস্বাস্থ্য কামনা করেছেন।
ঠিক কীভাবে কিম তার ‘মৌখিক বার্তা’ শিয়ের কাছে পৌঁছিয়েছেন তা স্পষ্ট করা হয়নি কেসিএনএ’র ওয়েবসাইটে।
আরও পড়ুন: কিমের দেশে পত্রিকা ভাঁজ করাও অপরাধ
এপ্রিলের ১৫ তারিখ থেকে কিমের অবস্থান নিয়ে অলোচনা শুরু হয়। সেদিন তার দাদা ও দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের জন্মদিনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাকে দেখা যায়নি।
এরপর উত্তর কোরিয়ার পক্ষ ত্যাগকারীদের মিডিয়া অনলাইন ডেইলি এনকে’র খবরে বলা হয়, হৃৎপিণ্ডে অস্ত্রোপচারের পর নর্থ পিয়ংগাও প্রদেশে কিমের চিকিৎসা চলছে।
ওই প্রতিবেদনের পর হংকংয়ের একটি টেলিভিশনে আবার কিমের মৃত্যুর খবর আসে। একই সঙ্গে রয়টার্স জানায়, কিমের চিকিৎসার জন্য চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানো হয়েছে।
পরে অবশ্য হঠাৎ করে তার দেখা মেলে। একটি সার কারখানার উদ্বোধন করতে আসেন তিনি।
কিম প্রকাশ্যে আসার পর বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, নভেল করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে কিম চলাফেরা কমিয়ে ছুটি কাটাতে চলে যান।
