হোয়াইট হাউজে করোনা ছড়ানোর ইভেন্ট হয়েছিল: ফৌসি

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০১:০৭ পিএম

উপদেষ্টা থেকে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট থেকে তার স্ত্রী। বাদ যাননি নিরাপত্তা কর্মকর্তারাও। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে গত কয়েক দিনে এভাবে নভেল করোনাভাইরাস ছড়িয়েছে। দেশটির শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফৌসি এর জন্য প্রেসিডেন্ট ভবনের কার্যকলাপকে দোষ দিচ্ছেন।

ফৌসি নিজেও হোয়াইট হাউজের করোনাভাইরাস টাস্ক ফোর্সের গুরুত্বপূর্ণ সদস্য। তিনি বলছেন, গত মাসে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থীর নাম প্রকাশ উপলক্ষে যে ইভেন্ট আয়োজন করা হয় সেটা ছিল ‘সুপারস্প্রেডার’।

বিবিসি জানিয়েছে, ২৬ সেপ্টেম্বরের ওই ইভেন্টে অংশ নেয়া কমপক্ষে ১১ জন্য ব্যক্তি করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা সেরে উঠেছেন।

সিবিএস নিউজ হোয়াইট হাউজের করোনা পরিস্থিতি নিয়ে ফৌসির বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘পরিসংখ্যানই তাদের হয়ে কথা বলছে। হোয়াইট হাউজে আমাদের সুপারস্প্রেডার ইভেন্ট ছিল। এমন পরিস্থিতি হয়েছিল যেখানে সবাই পাশাপাশি থাকলেও কেউ মাস্ক পরেননি।’

ট্রাম্পের পর এই রোগটিতে আক্রান্ত হন তার উপদেষ্টা স্টিফেন মিলার এবং সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা। এর আগে একাধিক কর্মকর্তার পজিটিভ হওয়ার খবর আসে।

ট্রাম্প ইতিমধ্যে হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউজে ফিরেছেন। তাকে পাবলিক ইভেন্টে অংশ নেয়ার অনুমতি দিয়েছেন চিকিৎসকেরা।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হোয়াইট হাউজের অনেক কর্মকর্তা কাজে যাচ্ছেন না। প্রেসিডেন্ট ভবনে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত