যুক্তরাষ্ট্রের দুর্বলতা দেখেছেন পুতিন: ট্রাম্প

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৯ পিএম

ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। দুই দেশের সংকট নিয়ে নিজের মন্তব্য দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের টেলিভিশন ফক্স নিউজের এক অনুষ্ঠানে ফোন করে কথা বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। 

বুধবার রাতে হওয়া ওই অনুষ্ঠানে ফোন করে ট্রাম্প জানান, ‘তার প্রশাসনের সময়’ এই রুশ আগ্রাসন হতো না।

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, তিনি (পুতিন) কিছু একটা করে দর-কষাকষি করতে চেয়েছিলেন। তারপর বিষয়টা শুধু খারাপের দিকে গিয়েছে এবং শেষ পর্যন্ত তিনি দুর্বলতাটা দেখতে পেয়েছেন।’

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ফলে জো বাইডেন সরকারের যে ‘দুর্বলতা’ দেখা দিয়েছে, সেটিও এই রুশ আক্রমণের জন্য আংশিক দায়ী বলে মন্তব্য করেন ট্রাম্প।

বৃহস্পতিবার সকালে ইউক্রেনের বিমানবন্দর, সামরিক বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। দেশটির সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট পূর্বাঞ্চলে রাশিয়ার ব্যাপক গোলাবর্ষণের মুখে পড়েছে। ইউক্রেনের বেশ কয়েকটি শহরে আক্রমণ করেছে রাশিয়ার সেনাবাহিনী। হামলা থেকে বাদ যায়নি কিয়েভের বিমানবন্দর ও সামরিক সদর দপ্তর।

এই হামলার জন্য রাশিয়াকে বিশ্ব দায়ী করবে বলে জানান জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন পূর্ব পরিকল্পিত যুদ্ধ শুরু করেছেন, যার কারণে বহু প্রাণহানি এবং মানুষের জীবনের ক্ষতি হবে।’

এই আক্রমণের ফলে যে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ হবে তার জন্য রাশিয়াকে একাই দায়ী করেছেন বাইডেন। অন্যদিকে পুতিন জানান, হামলা এবং সম্ভাব্য সব রক্তপাতের সমস্ত দায় ইউক্রেন সরকারের ওপর বর্তাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত