আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। সুনাককে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছেন দেশটির রাজা তৃতীয় চার্লস। রাজা তাকে সরকার গঠনের আহবানও জানিয়েছেন।
মজার ব্যাপার হল ঋষি সুনাক রাজা তৃতীয় চার্লসের চেয়েও বেশি ধনী। ঋষি সুনাক এ বছরের শুরুতে প্রথম ফ্রন্টলাইন রাজনীতিবীদ হিসেবে সানডে টাইমসের সবচেয়ে ধনী ব্রিটিশ নাগরিকদের তালিকায় জায়গা করে নেন। তিনি যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে ধনী প্রধানমন্ত্রী।
যুক্তরাজ্যের ইতিহাসে এবারই প্রথমবারের মতো এমন একজন প্রধানমন্ত্রী হলেন যিনি দেশটির রাজার চেয়েও বেশি ধনী। গত মে মাসে তিনি ব্রিটেনের ২২তম ধনীর তালিকায় ছিলেন।
ঋষি সুনাকের পারিবারিক সম্পত্তির পরিমাণ ৭৩০ মিলিয়ন পাউন্ড। অন্যদিকে রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামেলিয়ার সম্পত্তির পরিমাণ ৩০০-৩৫০ মিলিয়ন পাউন্ড। ঋষি সুনাকের স্ত্রীও বর্তমান রাজার মা প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের থেকে ধনী।
২০২১ সালে সানডে টাইমসের ধনীদের তালিকা অনুসারে তার স্ত্রীর ব্যক্তিগত সম্পদের পরিমাণ ছিল ৩৫০ মিলিয়ন পাউন্ড। ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে ৪২ বছর বয়সী অক্ষতা মূর্তি একজন ভারতীয় নাগরিক। তার বাবা নারায়ণ মূর্তির কোম্পানি ইনফোসিস লিমিটেডের মাধ্যমে তিনি বিপুল সম্পদের অধিকারী হন। স্ত্রী অক্ষতা মূর্তির বদৌলতেই এত সম্পত্তির মালিক ঋষি সুনাক ও তার পরিবার। অক্ষতা মূর্তির বাবা এন নারায়ণ মূর্তি (৭৫) প্রযুক্তি জায়ান্ট ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা।
যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে ধনী প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ‘মিশ্র’ প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন তিনি অত্যাধিক ধনী হওয়ায় সাধারণ মানুষদের সমস্যাগুলো বুঝতে পারবেন না।
আরও পড়ুন...
গভীর সংকটের কালে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কে এই ঋষি সুনাক
