নড়াইলের লোহাগড়ায় বোমা বিস্ফোরণে শাহাজাদা মোল্যা (৩৩) নামে এক যুবকের কবজি উড়ে গেছে। রবিবার রাত পৌনে ৮টার দিকে লোহাগড়ার কুন্দসী মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়ার উপজেলার মঙ্গলহাটা গ্রামের আকবর মোল্যার ছেলে শাহাজাদা সিঅ্যান্ডবি চৌরাস্তা সংলগ্ন মসজিদ থেকে নামাজ পড়ে বের হন। এ সময় একটি বোমা এসে তার হাতের ওপর বিস্ফোরণ ঘটে। বোমার বিস্ফোরণে শাহাজাদার ডান হাতের কবজিসহ অর্ধাংশ উড়ে যায়।
আরও জানা যায়, বোমার বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাহাজাদাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন বলেন, ‘শাহাজাদার হাতের কবজিসহ উড়ে গেছে। এটি বোমা নাকি ককটেলের বিস্ফোরণে তা নিশ্চিত বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে বোমা বা ককটেল বহন করবার সময় বিস্ফোরিত হয়েছে। বিষটির তদন্ত চলছে।’
