যুক্তরাষ্ট্রে মাথায় গুলি খাওয়া সিয়াম এখন কোমায়

আপডেট : ২২ জুলাই ২০২০, ০১:২১ পিএম

যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের একটি মুদি দোকানে কাজ করা বাংলাদেশি শিক্ষার্থী তানজিম সিয়াম কোমায় চলে গেছেন। ১৪ জুলাই রাতে ডাকাতেরা তার মাথায় গুলি করেছিল।

স্থানীয় গণমাধ্যম বোস্টন ডট কম জানিয়েছে, বোস্টন মেডিকেল সেন্টারে ভর্তি আছেন ২১ বছর বয়সী এই বাংলাদেশি তরুণ। সেখানকার দোকান মালিক সমিতি তার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য তহবিল সংগ্রহের কাজে নেমেছে। ‘GoFundMe’ ক্যাম্পেইনের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছে।

সিয়াম মাত্র চার মাস আগে যুক্তরাষ্ট্রে পড়তে যান। সেখানে ‘এম অ্যান্ড আর’ নামের একটি দোকানে কাজ শুরু করেন।

‘সিয়াম খুব দয়ালু ছেলে। মা-বাবা, ভাইবোন, সবাইকে ছেড়ে আমেরিকায় পড়তে এসেছিল,’ হুমায়ুন মোর্শেদ নামের আরেক বাংলাদেশি বলেন, ‘ছেলেটা এখন জীবনের সঙ্গে লড়ছে।’

হুমায়ুনরা ৫০ হাজার ডলারের তহবিল সংগ্রহের চেষ্টা করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ হাজার ৬০০ ডলার পাওয়া গেছে। আপনিও এই লিংকে গিয়ে ডোনেট করতে পারেন।

আরও পড়ুন: লন্ডনে দুই বাংলাদেশি কিশোরকে প্রকাশ্যে কোপালো কৃষ্ণাঙ্গরা!

সিয়ামের মালিক আব্দুল মতিন জানিয়েছেন, ডাকত যা-যা চেয়েছে সব সে দিয়েছিল। তারপরও দোকানের পেছনের রুমে নিয়ে মাথায় গুলি করে।

বোস্টন পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে মঙ্গলবার পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত