বর্তমান সরকার বহু আগে থেকেই করোনায় আক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেছেন, সরকার এখন ভেন্টিলেশনে রয়েছে, এই ভেন্টিলেশন খুলে দিলেই তারা পড়ে যাবে।
বুধবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে আর্তমানবতার সেবায় কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর রায় বলেন, এই সরকারের বিরুদ্ধে কী আন্দোলন করব? আমি বললাম, এই সরকার ভেন্টিলেশনে রয়েছে। এই ভেন্টিলেশনটা খুলে গেলে সরকার আর থাকবে না। ওরা আতঙ্কে রয়েছে। ওদের প্রাপ্তির কোনো বিষয় নেই। ওদের হারানোর কিছু নেই। সর্বহারার হারানোর কিছু আছে? যদি আমাদের হারানোর থাকে হয়তো পরনের কাপড়টা হারানোর আছে, কিন্তু ওদের হারানোর কিছু নেই।
কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন মাস্টার, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
