গরমে ফলের শরবত

আপডেট : ২১ মে ২০২২, ০১:৩৮ এএম

গরমে কয়েক রকম শরবতের রেসিপি দিয়েছেন উম্মাহ মোস্তফা 

জামের শরবত

উপকরণ

পাকা জাম ২০০ গ্রাম, লবণ সিকি চা চামচ, চিনি সিকি কাপ, পানি ২৫০ মি.লি., কাঁচামরিচ মিহি কুচি ১টি, বরফ কুচি আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

১. জাম একটু ঝাঁকিয়ে নরম করে নিন। এবার জাম থেকে বীজ বের করে রাখুন।

২. ব্লেন্ডারে সব উপকরণ একে একে দিয়ে ব্লেন্ড করে নিন।

৩. পরিবেশনের আগে বরফ কুচি মিশিয়ে পরিবেশন করুন।

আপেল লেমন শরবত

উপকরণ

আপেল ৪টি, লেবুর রস সিকি কাপ, লবণ সিকি চা চামচ, চিনি ২ টেবিল চামচ, বরফ কুচি সিকি কাপ।

যেভাবে তৈরি করবেন

১. আপেলের খোসা ফেলে ছোট ছোট টুকরো করে নিন।

২. এবার ব্লেন্ডারে দিয়ে জুস করুন।

৩. জুসটা ছেঁকে আপেল রসের সঙ্গে বাকি সব উপকরণ মিশিয়ে ব্লেন্ড করে পরিবেশন করুন।

তরমুজ ও কমলার ককলেট

উপকরণ

তরমুজ টুকরো ২ কাপ, কমলার রস আধা কাপ, চিনি ২ চা চামচ, লবণ সিকি চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

২. ব্লেন্ড করা মিশ্রণ ছেঁকে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

আমড়ার শরবত

উপকরণ

আমড়া ৬টি, পানি ২৫০ মি.লি., বরফ কুচি ১ কাপ, কাঁচামরিচ বাটা আধা চা চামচ, লবণ সিকি চা চামচ, চিনি সিকি কাপ, ধনেপাতা বাটা ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. আমড়ার খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রাখুন।

২. এখন সেদ্ধ আমড়া চটকিয়ে আমড়ার ক্বাথ বের করে নিন।

৩. এবার সব উপাদান একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

তেঁতুলের শরবত

উপকরণ

তেঁতুলের ক্বাথ আধা কাপ, চিনি আধা কাপ, লবণ সিকি চা চামচ, বরফ কুচি ১ কাপ, পানি ২ কাপ, মরিচের গুঁড়ো আধা চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. সব উপাদান একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

২. এবার রেফ্রিজারেটরের সাধারণ তাপমাত্রায় কিছুক্ষণ রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

সর্বশেষ সর্বাধিক পঠিত