এবার ‘শতভাগ নির্ভুল’ অ্যান্টিবডি টেস্টের কিট তৈরির দাবি করেছে সুইডিশ হেলথকেয়ার কোম্পানি রচ। নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না, এই টেস্টের মাধ্যমে সেটি বোঝা যায়। অন্য পরীক্ষার থেকে করোনা শনাক্তের এই পদ্ধতি তুলনামূলক সহজ।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড এই কিট কয়েক লাখ কেনার পরিকল্পনা করছে। ব্রিটিশ সরকারের আশা, এই টেস্ট বেশি বেশি করা গেলে লকডাউন তুলে দেওয়া সহজ হবে।
পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচ) থেকেও এই কিটের ব্যাপারে সবুজ সংকেত দেয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, এটি দিয়ে আসলেই শতভাগ নির্ভুল পরীক্ষা করা যাবে, কোনো ‘ফলস নেগেটিভ’ আসছে না।
নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে বাংলাদেশসহ পৃথিবীর অধিকাংশ দেশে এখন পর্যন্ত পিসিআর টেস্টই একমাত্র ভরসা। অ্যান্টিবডি টেস্টের সঙ্গে এই টেস্টের বেশ পার্থক্য আছে।
পিসিআর টেস্টের মাধ্যমে জানা যাবে, ‘এই মুহূর্তে’ কেউ করোনাভাইরাসে আক্রান্ত কি না, অর্থাৎ শরীরে এই মুহূর্তে করোনাভাইরাস আছে কি না। তা জানতে নাক, গলা কিংবা থুতু থেকে নমুনা সংগ্রহ করা হবে। তারপর সেই নমুনায় ভাইরাস তথা ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল ‘আরএনএ’ আছে কি না, তা এই টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে। অর্থাৎ পিসিআর টেস্ট ততক্ষণই কার্যকর, যতক্ষণ আপনার শরীরে ভাইরাস উপস্থিত আছে।
অন্যদিকে অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে জানা যাবে, করোনাভাইরাস আক্রমণের ফলে আপনার শরীরে ইমিউনিটি তথা রক্তে অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না। সংক্রমণের সাধারণত ৭ থেকে ১৪ দিনের মধ্যে ভাইরাস প্রতিরোধে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। সেটা আদৌ হয়েছে কি না, তা অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এটা এখন প্রমাণিত যে করোনাভাইরাসে আক্রান্ত একটা বড় অংশের মধ্যে কোনো উপসর্গ দেখা যায় না। আর উপসর্গ দেখা না গেলে তো কেউ আর পিসিআর টেস্ট করাতে যাবে না। তাই সে ক্ষেত্রে অ্যান্টিবডি টেস্ট কাজে আসবে।
অ্যান্টিবডি টেস্ট করা হয় রক্ত থেকে নমুনা নিয়ে। এতে সময়ও লাগে কম। এতে করে বোঝা যায়, কারও শরীরে ‘অ্যান্টিবডি গ্রো’ করছে কি না।
ইউরোপে এর আগে অ্যাবট ল্যাবরেটরিজের যুক্তরাজ্য শাখা থেকে একটি অ্যান্টিবডি টেস্টের কথা বলা হয়। সেটি ওই অঞ্চলে অনুমোদনও দেয়া হয়েছে। তবে অ্যাবটের ওই টেস্ট শতভাগ নির্ভুল ছিল না।
যুক্তরাজ্য জানিয়েছে, যেসব মানুষ কাজে যোগ দেয়ার অপেক্ষায় আছেন, যাদের বয়স সাধারণত ৬৫ বছরের উপরে তাদের কিংবা তার পরিবারের লোকদের এই অ্যান্টিবডি টেস্ট করানো হবে।
