মেনোপজের পর ত্বকের যত্ন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৯ এএম

নারীদের মেনোপজের পর ত্বকে নানা ধরনের পরিবর্তন আসতে থাকে। এ পরিবর্তনগুলোর বেশির ভাগই হয় হরমোনজনিত পরিবর্তনের কারণে। মেনোপজের পর মেয়েলি হরমোন ইস্ট্রোজেনের নিঃসরণ কমে যায়। এর প্রভাব পড়ে ত্বকের ওপর। এ সময় ত্বকের নানা রকমের সমস্যা দেখা দিতে থাকে। তা নিয়ে অবহেলা না করে সতর্ক ও চিকিৎসা নেওয়া জরুরি। যেসব সমস্যা হয় তা হলো

মেছতা

মেনোপজের পর মুখে কালো ছোপ বা মেছতার প্রকোপ বেড়ে যেতে পারে। অনেক সময় গালের দুপাশ ছাড়াও হাত, গলায় কালো ছোপ পড়ে। যারা সূর্যের আলোয় বেশি যান, তাদের এটা বেশি হয়। এ সমস্যা থেকে বাঁচতে সূর্যের আলোয় বের হলে ছাতা ও সানগ্লাস ব্যবহার করবেন। ভালো মানের একটা সানস্ক্রিন লোশন ব্যবহার করবেন। সমস্যা বেশি মনে হলে একজন চর্ম রোগ বিশেষজ্ঞের পরামর্শও নিতে পারেন।

শুষ্ক ত্বক

মেনোপজের পর ত্বক অনেক শুষ্ক আর রুক্ষ হয়ে যেতে পারে। মুখ পরিষ্কার করার জন্য ময়েশ্চারযুক্ত সাবান বা ফেসওয়াশ ব্যবহার করবেন। গোসল করার পর পেট্রোলিয়াম জেলি বা গ্লিসারিন-সমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। পা ফাটা, ঠোঁট ফাটার মতো সমস্যাও এ সময় বেড়ে যায়। তাই প্রচুর পানি পান করতে হবে।

মুখে অবাঞ্ছিত লোম

অ্যান্ড্রোজেনের প্রভাবে মুখে অবাঞ্ছিত লোম দেখা দেওয়া বিচিত্র নয়। এজন্য বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে। হরমোন থেরাপি, মেডিকেটেড ক্রিম বা লেজার দিয়ে এর চিকিৎসা করা সম্ভব।

ত্বক পাতলা হয়ে যাওয়া

ত্বক পাতলা হয়ে যাওয়া আর অল্পতেই রক্ত জমা বা রক্তপাতও এ সময়ের একটি সমস্যা। রোদে গেলে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত ত্বকের যত্ন নিতে হবে।

চুল পড়া

মেনোপজের পর হঠাৎ করেই বেড়ে যায় চুল পড়ার সমস্যা। অনেকের মাথার সামনের দিকে টাক পড়ার উপক্রম হয়। পুষ্টিকর, ভিটামিন ও মিনারেলযুক্ত সুষম খাবার খাদ্যতালিকায় রাখতে হবে। কোনো পুষ্টি উপাদানের অভাব থাকলে তা পূরণ করতে হবে। বিশেষজ্ঞ পরামর্শে মিনোক্সিডিল বা অন্যান্য চিকিৎসা গ্রহণ করা যেতে পারে।

ত্বকে বলি রেখা

মেনোপজের পর ত্বক দ্রুত তার কোলাজেন হারায়। দেখা গেছে প্রথম পাঁচ বছরের মধ্যে ত্বকের প্রায় ৩০ শতাংশ কোলাজেন নষ্ট হয়ে যায়। তারপর প্রতি বছর ২ শতাংশ করে হারাতে থাকে। এতে ত্বক ঢিলা হয়ে পড়ে আর ভাঁজ পড়তে শুরু করে। বিশেষ করে কপালে, ঠোঁটের দুপাশে, নাকের পাশে সবচেয়ে আগে ভাঁজ বা বলিরেখা পড়ে। এর প্রতিকারে বেশ কিছু চিকিৎসা আছে। তবে তা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শেই নিতে হবে।

মনোপজ-পরবর্তী এ ধরনের সমস্যায় আগে থেকে সচেতন এবং ত্বক বিশেষজ্ঞের কাছে গেলে প্রতিকার পাওয়া সম্ভব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত