বিসিবি প্রেসিডেন্টস কাপে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন নাজমুল একাদশের বাঁহাতি ব্যাটার ইরফান শুক্কুর। অন্যদিকে সেরা বোলার নির্বাচিত হয়েছেন মাহমুদউল্লাহ একাদশের রুবেল হোসেন।
উইকেটরক্ষক ব্যাটসম্যান ইরফান শুক্কুর আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৫ ম্যাচে ৭১.৩৩ গড়ে ২১৪ রান করেন তিনি। সর্বোচ্চ ইনিংস ৭৫। যে ইনিংসটি খেলেছেন ফাইনালের মঞ্চে। যদিও দিন শেষে পরাজিত দলে থাকতে হয়েছে তাকে। মোট ২টি ফিফটি হাঁকিয়েছেন তিনি।
৫ ম্যাচে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ২১৯ রান করে আসরের সর্বোচ্চ স্কোরার মুশফিকুর রহিম। তিনি পেয়েছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।
রুবেল হোসেন টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি। সাইফউদ্দিন ও রুবেল নিয়েছেন ১২টি করে উইকেট। তবে দল চ্যাম্পিয়ন হওয়ায় স্বাভাবিকভাবেই সেরা বোলার নির্বাচিত হয়েছেন রুবেল। তামিম একাদশের সাইফউদ্দিন ৪ ম্যাচে ১২ উইকেট পেয়েছেন। ম্যাচে ৫ উইকেটও রয়েছে তার। তাই একেবারে নিরাশ হতে হয়নি তাকে। পেয়েছেন প্রেসিডেন্ট স্পেশাল অ্যাওয়ার্ড।
সেরা ফিল্ডার হয়েছেন মাহমুদউল্লাহ একাদশের নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক)। সেরা কামব্যাক খেলোয়াড় নাজমুল একাদশের তাসকিন আহমেদ। আর সেরা প্রমিজিং খেলোয়াড় একই দলের রিশাদ হোসেন।
এক নজরে কে কোন পুরস্কার পেলেন-
ম্যান অব দ্য টুর্নামেন্ট: মুশফিকুর রহিম (নাজমুল একাদশ)
ম্যান অব দ্য ফাইনাল: সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ)
সেরা ব্যাটসম্যান: ইরফান শুক্কুর (নাজমুল একাদশ)
সেরা বোলার: রুবেল হোসেন (মাহমুদউল্লাহ একাদশ)
সেরা ফিল্ডার: নুরুল হাসান সোহান (মাহমুদউল্লাহ একাদশ)
সেরা কামব্যাক খেলোয়াড়: তাসকিন আহমেদ (নাজমুল একাদশ)
সেরা প্রমিজিং খেলোয়াড়: রিশাদ হোসেন (নাজমুল একাদশ)
প্রেসিডেন্ট স্পেশাল অ্যাওয়ার্ড: মোহাম্মদ সাইফউদ্দিন (তামিম একাদশ), মেহেদী হাসান (তামিম একাদশ), সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ), আফিফ হোসেন (নাজমুল একাদশ), তৌহিদ হৃদয় (নাজমুল একাদশ)।
