শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করে দেশে ফিরেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন মুমিনুল হক, মুশফিকুর রহিমরা। সেই পর্ব শেষ করে রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অফিশিয়াল অনুশীলনে যোগ দিয়েছেন অনেকেই। উদ্দেশ্যে- শ্রীলঙ্কার বিপক্ষে আসছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি।
শ্রীলঙ্কা সিরিজ শেষ করে গত মঙ্গলবার দেশে ফেরে বাংলাদেশ টেস্ট দল। এর পর থেকেই কোয়ারেন্টাইনে ছিলেন সবাই। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী কোয়ারেন্টাইনের মেয়াদ ১৪ দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ ক্ষেত্রে ক্রিকেটারদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ অনুমতি পেয়েছে।
শনিবার শ্রীলঙ্কা ফেরত সবাই করোনা পরীক্ষার নমুনা দেন। সবার ফলই নেগেটিভ আসে। এরপরই ওয়ানডে দলের অনুশীলনে যোগ দেওয়ার অনুমতি মিলে সবার।
প্রাথমিক দলের যারা শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের দলে ছিলেন না, তারা কয়েক দিন ধরেই অনুশীলন করে আসছিলেন। এদিন শ্রীলঙ্কা ফেরতদের মধ্যে মুশফিকুর রহিম, লিটন দাসকে অনুশীলনে দেখা যায়। অনুশীলন পরিচালনা করেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সঙ্গে ছিলেন ফিল্ডিং কোচ রায়ান কুক।
২৩ মে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যা আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। ঈদের আগে অবশ্য সোমবার শেষ দিনের মতো অনুশীলন করবে দল। ঈদের ছুটির পর ১৮ মে থেকে পুরোদমে অনুশীলন শুরু হবে।
এদিকে আইপিএল স্থগিতের পর ভারত থেকে ফেরা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান রাজধানীর আলাদা দুটি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। সাকিবের দ্বিতীয় করোনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে। মোস্তাফিজ প্রথম পরীক্ষার নেগেটিভ ফল হাতে পেয়েছেন।
এই দুই ক্রিকেটারের কোয়ারেন্টাইন শিথিল করা যায় কি-না, সে নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি।
