তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ২৪১ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে রবিবার টস জিতে ব্যাটিং বেছে নেয় জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেইলর ও ওয়েসলি মাধেভেরের ব্যাটে ভর করে একপর্যায়ে বড় স্কোরের বার্তা দিচ্ছিল স্বাগতিকেরা।
৩২ ওভার শেষে ৪ উইকেটে ১৪৪ ছিল তাদের স্কোর। সেখান থেকে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪০ রান পর্যন্ত করতে পেরেছে দলটি।
ওয়েসলি মাধেভেরে পেয়েছেন ফিফটি। ৬৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন তিনি। ব্রেন্ডন টেইলর খেলেছেন ফিফটি ছোঁয়া ইনিংস। ৫৭ বলে ৪৬ রান করেন তিনি। ৫টি চারের সঙ্গে হাঁকান ১ ছক্কা।
ত্রিশোর্ধ্ব ইনিংস খেলেছেন সিকান্দার রাজা ও ডিয়ন মেয়ার্স। রাজা ৪৪ বলে ৩০ ও মেয়ার্স ৫৯ বলে ৩৪ রান করেন।
বাংলাদেশের পক্ষে দারুণ বোলিং করেছেন শরিফুল ইসলাম। ক্যারিয়ারসেরা বোলিংয়ে তরুণ এই পেসার ৪৬ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ২ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।
১টি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজ।
সিরিজের প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। বিদেশের মাটিতে যা টাইগারদের সবচেয়ে বড় জয়।
