নিকোলস-ব্লান্ডেলে কিউইদের চ্যালেঞ্জিং পুঁজি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৭ পিএম

প্রথম ওভারেই ১১ রান তুলে নিয়ে দারুণ শুরু। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়া। হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল সেই চাপ সামলান দারুণভাবে। সুবাদে কিউইদের স্কোর বোর্ডে লড়াই করার মতো পুঁজি।

রবিবার পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১২৯ রানের লক্ষ্য দিয়েছে কিউইরা।

টি-টোয়েন্টিতে এই রান আসলে তেমন কিছু না। কিন্তু মিরপুরের উইকেট বিবেচনায় এই রানকে যথেষ্ট চ্যালেঞ্জিং তো বলতেই হয়।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে ৬২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে ছিল নিউজিল্যান্ড। সেখান থেকে নিকোলস ও ব্লান্ডেল ষষ্ঠ উইকেটে গড়েন অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটি। তাতে ৫ উইকেটে ১২৮ রানের পুঁজি পায় দলটি।

নিকোলস অপরাজিত ৩৬ রান করেছেন ২৯ বলে। তার ইনিংসে ছিল ৩ চার। অন্যদিকে ব্লান্ডেল ৩০ বলে ৩ চারে অপরাজিত ৩০ রান করেন।

এদিন করোনা নেগেটিভ হয়ে সিরিজে প্রথম ম্যাচ খেলতে নামা ফিন অ্যালেন দারুণ শুরু করেছিলেন। ইনিংসের প্রথম ওভারে মেহেদি হাসানকে দুটি বাউন্ডারি হাঁকান। সুবাদে প্রথম ওভারে ১১ রান তুলে কিউইরা।

ইনিংসের তৃতীয় ওভারে আক্রমণে এসেই ১৫ রান করা অ্যালেনকে মাহমুদউল্লাহ হাতে ক্যাচে পরিণত করেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ পায় প্রথম সাফল্য।

তিন নম্বরে নেমে উইল ইয়াং দারুণ খেলছিলেন। ওপেনার রচিন রবীন্দ্রর সঙ্গে ভালো জুটির আভাস দেন। সপ্তম ওভারের তৃতীয় বলে সাইফউদ্দিনকে চার হাঁকালেও পরের বলে ফিরতে হয় তাকে। দারুণ এক ডেলিভারিতে এলবিডব্লিউ হন। ফলে ভাঙে ইয়াং-রবীন্দ্রর ৩০ রানের জুটি।

ওই ওভারেই ষষ্ঠ বলে কলিন ডি গ্র্যান্ডহোমকেও (০) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সাইফউদ্দিন। তাতে ৭ ওভার শেষে ৬৬ রানে ৩ উইকেট হারায় কিউরা।

দশম ওভারে মাহমুদউল্লাহ ফেরান ২০ রান করা রবীন্দ্রকে। পরের ওভারে কিউই অধিনায়ক টম ল্যাথামকে কট অ্যান্ড বোল্ড করেন মেহেদি হাসান। আগের ম্যাচ দারুণ খেলা ল্যাথাম এদিন ৫ রান করেন।

ম্যাচে তখন বাংলাদেশের প্রাধান্য। তবে নিকোলস ও ব্লান্ডেল পরিস্থিতির দাবি মিটিয়ে দারুণ ব্যাটিং করেছেন। দলকে সিরিজে ফেরাতে বোলারদের এনে দিয়েছেন লড়াই করার মতো পুঁজি।

বাংলাদেশের পক্ষে ২ উইকেট নিয়ে এদিন সবচেয়ে সফল সাইফউদ্দিন। ১টি করে উইকেট নিয়েছেন মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান ও মাহমুদউল্লাহ।

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ তে এগিয়ে স্বাগতিকরা। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত