জোড়া ক্যাচ মিসের আগে লাহিরুর সঙ্গে লিটনের বাগ-বিতণ্ডা

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১১:০৫ পিএম

গুরুত্বপূর্ণ সময়ে দু-দুটি ক্যাচ ছেড়েছেন লিটন দাস। যাদের ক্যাচ ফেলেছেন, সেই চারিথ আসালাঙ্কা ও ভানুকা রাজাপাকসেই শেষ পর্যন্ত বাংলাদেশের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেয়।

জোড়া ক্যাচ মিসের আগে ব্যাটিংয়ের সময় শ্রীলঙ্কান বোলার লাহিরু কুমারার সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়িয়ে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন লিটন।

শারজাহয় রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারায় শ্রীলঙ্কা। বাংলাদেশের ব্যাটিংয়ের সময় মাঠেই সংঘর্ষে জড়িয়ে পড়েন লিটন দাস ও শ্রীলঙ্কার পেসার লাহিরু কুমারা।

লিটনকে কুমারা আউট করার পরেই যত ঝামেলার সূত্রপাত। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে কুমারার বলে আউট হয়ে যান লিটন। এরপরেই লঙ্কান পেসারকে দেখা যায় লিটনের কাছে গিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করছেন।

মৌখিক বাগযুদ্ধই হাতাহাতি পর্যায়ে পৌঁছে যায়। দুই দেশের দুই তারকাকে দেখা যায় ধাক্কাধাক্কি করছেন। শেষ পর্যন্ত বাকিরা হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেন।

এ সময় দুজনকে থামাতে এগিয়ে আসেন বাংলাদেশের অন্য ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখ এবং চামিকা করুনারত্নে।

ওপেন করতে নেমে লিটন ১৬ রান করে লাহিরু কুমারার বলে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ আউট হন। পরে নাঈমের ৫২ বলে ৬২ এবং মুশফিকুর রহিমের ৩৭ বলে অপরাজিত ৫৭ রানে ৪ উইকেটে ১৭১ রানের পুঁজি গড়ে বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। আসালাঙ্কা ৪৯ বলে অপরাজিত ৮০ এবং রাজাপাকসে ৩১ বলে ৫৩ রান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত