বিশ্ব মঞ্চে উত্থানের পর থেকে অনেক প্রশংসাই অর্জন করেছেন কিলিয়ান এমবাপ্পে। সেই তালিকায় যখন যোগ হন রোনালদো নাজারিওর মতো কিংবদন্তি, সেটা এমবাপ্পের জন্য বিশেষই হওয়ার কথা।
ফরাসি তারকা এমবাপ্পের গতি এবং ফিনিশিং ক্ষমতার ভূয়সী প্রশংসা করেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনালদো। জোর দিয়েই তিনি বলছেন, দ্রুতই বিশ্বের সেরা খেলোয়াড় হয়ে উঠবে এমবাপ্পে।
এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘সে (এমবাপ্পে) খুবই শক্তিশালী। গোলমুখে তার গতি এবং মাথা ঠান্ডা রাখার ক্ষমতা রয়েছে যা তাকে বিশ্বের সেরা করে তুলবে।’
জার্মান সংবাদমাধ্যম বিল্ড জানিয়েছে, আগামী মৌসুমে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি দিতে যাচ্ছেন এমবাপ্পে। এর মধ্যে স্পেনের দলটির সঙ্গে নাকি চুক্তিও সেরে ফেলেছেন পিএসজি তারকা।
রোনালদোও খবরটি পড়েছেন, ‘আমি খবরে পড়েছি সে রিয়াল মাদ্রিদে যোগ দেবে। বছরে ৫০ মিলিয়ন ইউরো আয় করবে।’ হেসে রোনালদো বলেন, ‘আমরা ভুল প্রজন্মের অংশ ছিলাম।’
পরে যোগ করেন, ‘ফুটবল ইন্ডাস্ট্রি এখন অনেক বড় হয়েছে, এটা ন্যায্য যে, তারকারা এখন আরো বেশি টাকা পাচ্ছে।’
রোনালদো তার যুগের তারকাদের সঙ্গে লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদোদের প্রজন্মের তুলনাও টেনেছেন। মেসি-রোনালদোদের প্রজন্মে খেললে তাদের গোল অনেক বেশি হতো বলে হেসে মন্তব্য করেন রোনালদো নাজারিও।
আরো পড়ুন
