রোমাঞ্চকর ম্যাচে সাইফকে হারাল কিংস

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৮:০৪ পিএম

প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকা বসুন্ধরা কিংস বিরতির পর ব্যবধান ৩-১ করে। তবে সাত মিনিটের মধ্যে দুই গোল আদা করে সাইফ স্পোর্টিং ক্লাব ম্যাচে সমতা টানে। এরপর আবারো বসুন্ধরার গোল এবং দারুণ এক জয় আদায় করে নেওয়া দলটির।

প্রিমিয়ার লিগ ফুটবলে ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় বুধবার ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় তুলে নেয় গত দুই আসরের চ্যাম্পিয়নরা। দলটির পক্ষে জোড়া গোলে করেন মতিন মিয়া। একটি করে গোল করেন রবসন দি সিলভা রবিনিয়ো ও খালেদ শাফিই।

সাইফ স্পোর্টিংয়ের পক্ষে গোল তিনটি করেছেন- এমফন সানডে উদোহ, ফয়সাল আহমেদ ফাহিম ও রিয়াদুল হাসান রাফি।

স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে হার দিয়ে লিগ শুরু করা বসুন্ধরার এটি টানা অষ্টম জয়। ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে তারা। ১১ পয়েন্ট নিয়ে সাইফ স্পোর্টিং আছে ষষ্ঠ স্থানে।

এদিকে মুন্সিগঞ্জে দিনের অন্য ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ঢাকা আবাহনী। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আকাশি-নীলরা। অর্থাৎ শীর্ষে থাকা বসুন্ধরা কিংস তাদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে। ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শেখ জামাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত