বর্ণিল ক্যারিয়ারে জিতেছেন সব কিছুই। একমাত্র অপ্রাপ্তি ছিল বিশ্বকাপ। অধরা সেই ট্রফিটাও জিতে গেছেন গত ডিসেম্বরে। লিওনেল মেসির কাছে যা জীবনের সেরা প্রাপ্তি। এই অর্জনের ব্যাপ্তি এতটাই বিশাল যে, ব্যালন ডি’অর প্রসঙ্গে আর্জেন্টাইন তারকা সরাসরি বলে দিতে পারছেন, ‘এটা নিয়ে ভাবছি না’।
এ বছর ব্যালন ডি’অর পুরস্কার প্রদান করা হবে আগামী ৩০ অক্টোবর। লিগস কাপের ফাইনালের আগে সংবাদসম্মেলনে যে পুরস্কার নিয়ে কথা বলতে হলো ইন্টার মায়ামির অধিনায়ক মেসিকে।
এ সময় মেসি বলেন, ‘এটি এমন এক স্বীকৃতি যা অনেক গুরুত্ব বহন করে। ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে সুন্দর পুরস্কারগুলোর একটি। তবে কখনোই আমি এটিকে গুরুত্ব দেইনি।’
মেসির কাছে সব সময়ই গুরুত্ব পেয়েছে দলগত সাফল্য, ‘আমার কাছে সব সময়ই যেটা গুরুত্ব পেয়েছে তা হলো দলগতভাবে পুরস্কার জেতা।’
এরপরই ক্যারিয়ার নিয়ে তৃপ্তির কথা উল্লেখ করে বলেন, ‘আমি সৌভাগ্যবান যে ক্যারিয়ারে সব কিছুই অর্জন করতে পেরেছি। একমাত্র বিশ্বকাপ অধরা ছিল, যা জয়ের পর আমি এই পুরস্কার (ব্যালন ডি’অর) নিয়ে খুবই কম ভাবছি।’
বিশ্বকাপ জয়কে জীবনের সেরা প্রাপ্তি উল্লেখ করে মেসি বলেন, ‘আমার জন্য এটা সবচেয়ে বড় স্বীকৃতি। আমি এখন শুধু আমার মুহূর্তগুলো উপভোগ করছি। আমি এটি (ব্যালন ডি’অর) মোটেও ভাবছি না। যদি এটি ধরা দেয় তাহলে ভালো, না হলেও কিছু যায় আসে না।’
লিগস কাপের ফাইনালে বাংলাদেশ সময় আগামী রবিবার সকালে ন্যাশভিল এসসির বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। মেসি বললেন দলকে সাফল্য এনে দেওয়াই এখন একমাত্র লক্ষ্য তার।
‘এখন আমার নতুন লক্ষ্য আমার ক্লাবকে ঘিরে। ক্লাবকে শিরোপা জিততে সাহায্য করার জন্য আমরা এখানে এসেছি।’- বলেন মেসি।