ষষ্ঠ বিশ্বকাপ খেলতে আর্জেন্টিনা শিবিরে যোগ দিয়েছেন মেসি

আপডেট : ০১ জুন ২০২৬, ১২:৫৩ পিএম

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তবে আলবিসেলেস্তে সমর্থকদের জন্য রয়েছে কিছু দুঃসংবাদ। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে বিশ্বকাপের আগে আগামী ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিতে লিওনেল মেসিকে মাঠের বাইরে রাখা হতে পারে।

রবিবার রাতে নিজস্ব প্রাইভেট ফ্লাইটে সতীর্থ রদ্রিগো ডি পলকে সঙ্গে নিয়ে ক্যানসাস সিটিতে এসে পৌঁছান আর্জেন্টাইন অধিনায়ক। এর আগে গত সেপ্টেম্বর মাসে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রেখেছিলেন তিনি। তখন মেসি বলেছিলেন, "বয়সের কারণে পরের বিশ্বকাপে খেলাটা হয়তো যৌক্তিক হবে না।" তবে সব শঙ্কা উড়িয়ে কোচ লিওনেল স্কালোনির 'মিশন ২০২৬'-এর দলের সঙ্গেই আস্তানা গেড়েছেন এই মহাতারকা। ক্যানসাসের 'হোটেল অরিজিন' এখন মেসি ও আর্জেন্টিনা দলের প্রধান সদর দফতর।

মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে শেষ ম্যাচে মাঠ ছাড়ার সময় বাম পায়ের হ্যামস্ট্রিং চেপে ধরেছিলেন মেসি। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে যে, অতিরিক্ত খেলার ধকল ও মাংসপেশির ক্লান্তির কারণে সেখানে প্রদাহ তৈরি হয়েছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মেসিকে শতভাগ ফিট পেতে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট। দলের প্রধান ফিজিওথেরাপিস্ট লুইস গার্সিয়া এবং ট্রেনার লুইস মার্টিনের কড়া তত্ত্বাবধানে মেসি সম্পূর্ণ আলাদা বা 'ডিপার্টমেন্টাল' অনুশীলন শুরু করবেন। লক্ষ্য হলো, কোনো তাড়াহুড়ো না করে আগামী ২৪ দিনের মধ্যে ধীরে ধীরে কাজের চাপ বাড়িয়ে তাকে মূল টুর্নামেন্টের জন্য প্রস্তুত করা।

মেসিকে দলে পাওয়া নিয়ে গত মার্চ মাসে এক সাক্ষাৎকারে কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, 'ফুটবলের স্বার্থেই মেসির বিশ্বকাপে থাকা উচিত।' মেসি নিজেও দলে বোঝা না হয়ে 'কার্যকর' ভূমিকা রাখার ব্যাপারে নিশ্চিত হয়েই এই মঞ্চে পা রেখেছেন।

চোটের কারণে প্রীতি ম্যাচ মিস করলেও, আগামী ১৬ জুন ক্যানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচেই প্রিয় ১০ নম্বর জার্সিতে ফুটবল বিশ্ব মেসিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত