বাফুফের বর্ষপঞ্জিতে ৭০ আসর

আপডেট : ০৩ জুন ২০২৬, ০২:০৮ এএম

আগামী এক বছরে দেশের ফুটবলকে আরও গতিশীল করতে উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চলতি বছরের জুলাই থেকে আগামী বছরের জুলাই পর্যন্ত সময়ের জন্য প্রণীত বর্ষপঞ্জিতে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে মোট ৭০টি প্রতিযোগিতার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৩টি ঘরোয়া এবং ৪৭টি আন্তর্জাতিক ইভেন্ট।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে গতকাল মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত বৈঠকে বাফুফে তাদের সম্ভাব্য সূচি, ভেন্যু ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক হওয়ায় ফুটবলের প্রতি মন্ত্রীর বিশেষ আগ্রহ রয়েছে। এর আগে একবার সৌজন্য সাক্ষাৎ হলেও এবারের বৈঠক ছিল আগামী দিনের কর্মকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ। বাফুফের প্রস্তাবিত বর্ষপঞ্জিতে সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু হিসেবে ঢাকা, সিলেট ও চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের নাম রাখা হয়েছে। যদিও সাফ চ্যাম্পিয়নশিপের সময়সূচি সেপ্টেম্বর থেকে নভেম্বরে সরিয়ে নেওয়া হয়েছে, বাফুফের পরিকল্পনায় এখনো সেপ্টেম্বরকেই ধরা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ব্যস্ত সময় পার করতে হবে আগামী বছর। সাফ, এএফসি ও ফিফার বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় দেশের বাইরে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি টুর্নামেন্ট আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। ২০৩০ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত