বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনে প্রচার শুরু প্রধানমন্ত্রীর

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ০৯:৩২ পিএম

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেছেন।

বাসসের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী রাজধানী থেকে সড়কপথে দুপুর ২টা ১০ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। এসময় প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা উপস্থিত ছিলেন। তিনি সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং ’৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে শরীক হন।
মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং জ্যেষ্ঠ ও স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী সকাল ৮ টা ৩০ মিনিটে গণভবন থেকে সড়ক পথে টুঙ্গীপাড়া যাত্রা করেন।
বিকেলে প্রধানমন্ত্রীর কোটালিপাড়া শেখ লুৎফর রহমান ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠেয় জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার রাজধানীতে ফেরার পথে শেখ হাসিনা ভাঙ্গার মোড়, ফরিদপুরের মোড়, রাজবাড়ী রাস্তার মোড় (রাজবাড়ী জেলা), পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ, ধামরাই, সাভার বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনী পথসভা এবং নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করবেন।
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান মঙ্গলবার দলের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত