নিখোঁজের ১৫ ঘণ্টা পর পটুয়াখালীর রাঙ্গাবালী থানার কনস্টেবল মো. ফিরোজের (কনস্টেবল নম্বর-৯৫১) লাশ উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ড ও স্থানীয় জেলেদের সহায়তায় সোমবার বেলা ১১টায় উপজেলার গহিনখালীর বুড়াগৌরাঙ্গ নদী থেকে জাল টেনে তার লাশ উদ্ধার করা হয়।
ফিরোজ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামের সালাম খানের ছেলে। তিনি রাঙ্গাবালী থানায় কর্মরত ছিলেন।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলন মিত্র জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনা শেষে রোববার রাত ৮টায় ট্রলারে করে এক দল পুলিশ ফিরছিলেন। পথে গহিনখালীর বুড়াগৌরাঙ্গ নদীতে বিপরীত দিক থেকে আসা একটি মাছ ধরার ট্রলার পুলিশ বহনকারী ট্রলারে ধাক্কা দেয়।
ট্রলারটি ডুবে গেলে এএসআই ইয়াসিন, কনস্টেবল মিজান, ট্রলারের চালক ও তার সহযোগী সাঁতরে কূলে উঠলেও কনস্টেবল ফিরোজ অস্ত্রসহ নিখোঁজ হন।
ওসি মিলন মিত্র জানান, স্থানীয় জেলেদের সহায়তায় ঘটনার পর থেকেই উদ্ধার তৎপরতা চলতে থাকে। সোমবার সকালে কোস্টগার্ডের একটি দলও ঘটনাস্থলে অভিযানে অংশ নেয়।
সোমবার বেলা ১১টায় স্থানীয়রা জাল টানলে ফিরোজের লাশ পাওয়া যায়।
