মাইক্রোবাসে তুলে নিয়ে যুবদল নেতার দুই পায়ে গুলি

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১১:৩৭ এএম

রাজশাহীর মোহনপুর উপজেলা যুবদল সভাপতি বাচ্চু রহমানকে তুলে নিয়ে গিয়ে দুই পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি আছেন।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বাগমারা থানার অচিনপুর থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাচ্চুকে উদ্ধার করা হয়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত জানান, বিকেল ৪টার দিকে উপজেলার কেশরহাট থেকে মোহনপুরে ফিরছিলেন বাচ্চু রহমান ও তার ব্যবসায়িক অংশীদার আশরাফুল আলম আসু।

দেশ হিমাগারের সামনে থেকে কয়েকজন নিজেদের গোয়েন্দা পুলিশ-ডিবি পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে তাদের তুলে নেয়। এরপর গাড়ির মধ্যেই তাদের পিটিয়ে জখম করা হয়। পরে বাচ্চুর দুই পায়ে গুলি করে বাগমারা উপজেলার আচিনঘাট এলাকায় মাইক্রোবাস থেকে ফেলে দেওয়া হয়। তার দুই পায়ের হাঁটুর নিচে গুলি করা হয়েছে।

এলাকাবাসী তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়। তবে তারা পুলিশ নয় বলে বাচ্চুর বরাত দিয়ে জানান সমাপ্ত।

তিনি জানান, যুবদল সভাপতি বাচ্চু রহমান মোহনপুর উপজেলা সইপাড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত লোকমান আলী ছেলে। বর্তমানে তিনি রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। রাতেই তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত