বেগুন ক্ষেতে পড়েছিল কৃষক দেলোয়ারের লাশ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ০৩:২৪ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে বেগুন ক্ষেত থেকে দেলোয়ার হোসেন নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাররাম রামপুর ইউনিয়নের বানিয়াপাড়া নয়াগ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত দেলোয়ার হোসেন (৪৫) পাররাম রামপুর ইউনিয়নের বানিয়াপাড়া নয়াগ্রামের আব্দুর রশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে নয়াগ্রামে একটি বেগুন ক্ষেতে দেলোয়ার হোসেনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত দেলোয়ার হোসেন গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় তারাটিয়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আমিনুল হক বলেন, “নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এবং পরবর্তীতে তদন্ত শেষে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত