লটারির কপিটি ফেলে দিয়েছিল বন্ধু। সেটিই আবার কুড়িয়ে নিয়ে পুরস্কার জিতে নেয় এক যুবক। সেই পুরস্কারে পাওয়া ৯০ হাজার রুপি নিয়ে আবার দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্ব, একপর্যায়ে খুনোখুনির প্রচেষ্টা। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে এ ঘটনা ঘটে।
জি নিউজ এক প্রতিবেদনে জানায়, এ দুই বন্ধু হচ্ছেন বালুরঘাটের বলরাম মহন্ত ও প্রভাত মহন্ত। এক বছর আগে একটি লটারি কিনেছিলেন প্রভাত। পুরস্কার না মেলায় সেই লটারি তিনি ফেলে দেন। কুড়িয়ে পাওয়া লটারি নিয়েই পরে পরে পুরস্কার জিতেন বন্ধু বলরাম।
কিন্তু লটারির নিয়ম অনুযায়ী যে এটি কিনেছিল তাকেই পুরস্কার গ্রহণ করতে হবে। পুরস্কারের টাকা অর্ধেক ভাগাভাগি করে নেওয়ার শর্তে প্রভাতকে সেই লটারি ফেরত দেন বলরাম। কিন্তু এই টাকা ভাগাভাগি আর হয় না তাদের মধ্যে। সেই সঙ্গে দুই বন্ধুর মধ্যে সৃষ্টি হয় দ্বন্দ্বও।
পুলিশ জানায়, সোমবার বাজারের মধ্যে টাকার ভাগ নিয়ে ঝগড়া লাগে। একপর্যায়ে বলরাম দোকানে রাখা ধারালো কাস্তে দিয়ে প্রভাতের পেটে আঘাত করেন।
গুরুতর জখম অবস্থায় প্রভাতকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানীয়রা বলরামকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
