অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্ট উপলক্ষে একাদশ ঘোষণা করেছে ভারত। দলে নেই দুই ওপেনার মুরালি বিজয় ও লোকেশ রাহুল। সিরিজে প্রথমবারের মতো দলে ঠাঁই পেয়েছেন মায়াঙ্ক আগরওয়াল। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে এই ব্যাটারের। মেলবোর্ন টেস্টেই জাতীয় দলে অভিষেক হতে চলেছে তার।
গত আট ইনিংসে মাত্র ৯৭ রান করেন বিজয় ও রাহুল জুটি। ব্যর্থতার কারণে এবার একাদশে জায়গা হারিয়েছেন তারা। ব্যাটিং অর্ডারে ছয় নম্বর থেকে ওপেনিংয়ে নিয়ে আসা হচ্ছে হানুমা বিহারিকে। বক্সিং ডে টেস্টে ওপেনিংয়ে আগারওয়ালের সঙ্গে জুটি গড়বেন তিনি।
বেশ পরিপক্ব হয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখতে যাচ্ছেন আগরওয়াল। প্রথম শ্রেণীর ক্রিকেটে করেছেন সাড়ে তিনহাজারের বেশি রান। রয়েছে আটটি সেঞ্চুরি ও ২০টি অর্ধশতক। লিস্ট এ ক্রিকেটেও সাফল্যের পরিচয় দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। রান সাড়ে তিনহাজারের বেশি। সেঞ্চুরি ১২টি, অর্ধশতক ১৪টি।
চোট কাটিয়ে দলে ফিরেছেন রোহিত শর্মা। মেলবোর্নেও খেলা হচ্ছে না রবিচন্দ্রন অশ্বিনের। পেটের পেশিতে টানের সমস্যা এখনও কাটিয়ে উঠতে পারেননি এই অফস্পিনার।
পার্থ টেস্টে রবীন্দ্র জাদেজাকে দলে রাখা হয়নি বলে অনেক বিতর্ক হয় টিম ইন্ডিয়ার ম্যানেজম্যান্টের। সিরিজের তৃতীয় টেস্টে আছেন এই অলরাউন্ডার। খেলবেন উমেশ যাদবের জায়গায়। একাদশে ডাক পেলেন না হার্দিক পান্ডিয়া, যার পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিসের অভাব রয়েছে বলে আগের দিন মন্তব্য করেছিলেন কোচ রবি শাস্ত্রী।
বক্সিং ডে টেস্টের ভারত একাদশ:
মায়াঙ্ক আগরওয়াল, হনুমা বিহারি, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋষাভ পন্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা ও জসপ্রীত বুমরাহ
