হাসপাতালে যাওয়ার পথে বাস কেড়ে নিল স্বামী-স্ত্রীর প্রাণ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ০৩:০৪ পিএম

নীলফামারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের নীলফামারী-ডোমার সড়কের পলাশবাড়ি ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আইনুল ইসলাম (৫০) ও তার স্ত্রী মজিদা বেগম (৪২)। তাদের বাড়ি জেলার ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের পূর্বহরিণচড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম জানান, আইনুল ইসলাম স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে ডোমার থেকে নীলফামারী আসছিল। নীলফামারী-ডোমার সড়কের পলাশবাড়ি ডিগ্রি কলেজের সামনে ডোমারগামী মেহেদী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন আইনুল ইসলাম।

স্থানীয়রা তার স্ত্রী মজিদা বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বাসটি আটক করে থানায় নেওয়া হলেও চালক ও তার সহকারী পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

ওসি আরো জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত আইনুল ইসলামের ভাতিজা গোলাম রব্বানী (২৫) বলেন, আমার চাচি মজিদা বেগম ডায়াবেটিসের রোগী। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চাচা আইনুল ইসলাম মোটরসাইকেলযোগে চাচিকে নিয়ে নীলফামারী ডায়াবেটিক হাসপাতালে যাচ্ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত