‘পাড়া-মহল্লায় গিয়ে ভোটকেন্দ্রে না যেতে হুমকি দেওয়া হচ্ছে’

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ০১:০৬ পিএম

অস্ত্রশস্ত্র নিয়ে পাড়া-মহল্লায় গিয়ে ভোটকেন্দ্রে না যেতে ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবন থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের কোনো পরিবেশ নেই। গত কয়েক দিন ধরে রাষ্ট্রের আশ্রয়-প্রশ্রয়ে শীর্ষ নেতাদের আক্রমণ ও প্রার্থীদের উপর হামলা হচ্ছে। এটা দুঃখজনক যে রাষ্ট্রের প্রশ্রয়ে এসব হচ্ছে।

তিনি বলেন, ‘প্রকাশ্যে অস্ত্র, রাম দা, লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঠাকুরগাঁওয়ে পাড়া-মহল্লায় ঢুকে ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে ভয়ভীতি প্রদর্শন করছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজ প্রমাণিত হচ্ছে- নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, হতে পারে না এটা প্রমাণিত হবে।’

তিনি বলেন, ‘আমার নির্বাচনী আসন ঠাকুরগাঁও-১ তারা টার্গেট করেছে। বিপক্ষ প্রার্থীর লোকজন নিজেদের অফিস পুড়িয়ে বিএনপির উপর দোষ চাপাচ্ছে। এখানে তারা সাম্প্রদায়িক ঘটনা আনছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে। বিএনপির কেউ এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়।’

শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সরকার কী চাচ্ছে? সরকার রাষ্ট্রকে ব্যবহার করছে কেন? সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে দিচ্ছে কেন?’

‘প্রশাসন প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মিটিং করে বলছে- রাষ্ট্রের বিরুদ্ধে যেন কেউ যেন না দাঁড়ায়। এখানে রাষ্ট্রের বিরুদ্ধে তো কেউ দাঁড়াচ্ছে না। কিছু এলাকায় প্রশাসন কিছুটা লিবারেল আছে, সেখানে কিছুটা প্রচারণা হচ্ছে’ যোগ করেন তিনি।

এ অবস্থায় নির্বাচনে শেষ পর্যন্ত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত