ঘনিয়ে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে বেশ কজন শোবিজ তারকা প্রার্থী হয়েছেন। অপরদিকে শোবিজ তারকারা অংশ নিচ্ছেন বিভিন্ন প্রার্থীদের নির্বাচনী প্রচারণাতেও।
কিংবদন্তি চিত্রনায়ক ফারুক আওয়ামী লীগের হয়ে নির্বাচন করছেন ঢাকা-১৭ আসন থেকে। একই আসনে জাপার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাপা চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদ।
এদিকে আজ জাপা চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন তিনি ঢাকা -১৭ আসন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। একই সঙ্গে নায়ক ফারুকের প্রতি সমর্থনও জানিয়েছেন।
এরশাদের ঢাকা-১৭ আসন থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণায় মনঃক্ষুণ্ন জাপা কর্মীরা। তার বহিঃপ্রকাশ ঘটালেন জাপার প্রেসিডিয়াম সদস্য কিংবদন্তি অভিনেতা সোহেল রানা।

২৭ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে জাপার প্রেসিডিয়াম সদস্য নায়ক সোহেল রানা ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আজব দেশ, পল্লিবন্ধু আউট, ফারুক ইন। ঘিয়ের চেয়ে তেলের দাম বেশি।’
সোহেল রানার এমন স্ট্যাটাসে অনেকেই যেমন সমর্থন জানিয়েছেন তেমনি অনেকেই আবার তার পাল্টা মন্তব্যও করেছেন। উল্লেখ্য সোহেল রানা নিজেও বরিশাল-২ আসন থেকে জাপার হয়ে নির্বাচন করছেন।
