প্রসূতি ওয়ার্ড থেকে নবজাতক চুরির সময় হাতেনাতে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। শুক্রবার সকালে যশোর জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
আটক শিবু রাণী ঘোষ (৪০) শহরের ঘোপ সেন্ট্রাল রোডের চর্ম চন্দ্র ঘোষের স্ত্রী।
নবজাতকের মা আশুরা বেগম জানান, আটক মহিলা গত তিন দিন ধরে তাদের বিছানার আশপাশে ঘোরাফেরা করছিল। শুক্রবার সকালে তিনি সন্তানকে রেখে পাশের ওয়ার্ডে যান। ওইসময় তার মেয়ে ঘুমিয়ে ছিলো। এ সুযোগে ওই মহিলা তার সন্তানকে কোলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তিনি পাশের ওয়ার্ড থেকে এসে শিশুটি কোলে নিয়ে বেরিয়ে যেতে দেখে চিৎকার করেন। এসময় ওয়ার্ডে থাকা অন্যান্য রোগী ও সেবিকারা নবজাতকসহ রাণী ঘোষকে ধরে ফেলে। পরে খবর দিলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
যশোর কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা শারমিন আক্তার জানান, নবজাতক চুরির অভিযোগে শিবু রাণী নামে একজনকে আটক করা হয়েছে। সে চুরির কথা অস্বীকার করলে হাসপাতালের ওয়ার্ডে থাকা সিসি ক্যামেরার ভিডিও চিত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।
