ভয়ভীতি উপেক্ষা করে জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে ভোটারদের ‘বিশেষ বার্তা’ দিয়েছেন বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই বিশেষ বার্তা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বার্তায় খালেদা জিয়া ভোটারদের উদ্দেশে বলেছেন- ‘আগামীকাল (রোববার) আপনাদের সুযোগ আসবে স্বৈরশাসকদের হাত থেকে মুক্তি লাভের, দেশকে মুক্ত করার। সকল হুমকি-ধমকি ও ভয়ভীতি উপেক্ষা করে দলে দলে ভোটকেন্দ্রে যাবেন। আপনাদের এক একটি ভোট নিশ্চিত করতে পারে জনগণের মুক্তি ও গণতান্ত্রিক বাংলাদেশ।’
এসময় ভোটার, দলীয় নেতাকর্মী ও এজেন্টদের উদ্দেশে রিজভী বলেন, ফজরের নামাজ পড়েই ভোটের লাইনে দাঁড়াবেন। ভোট শুরুর আগে ব্যালট বক্স পরীক্ষা করবেন। ভোট দিয়ে কেন্দ্রের আশপাশে থাকবেন।
‘আপনারা (এজেন্ট) শুধু সাধারণ ভোটারই নন, ভোটারদের অতন্দ্র প্রহরী। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে কে কত ভোট পেলেন, তা নিশ্চিত না হয়ে সাদা কাগজে সই করবেন না। কোনো অবস্থাতেই প্রিসাইডিং অফিসারের সই ছাড়া সই করবেন না। ফলাফল নিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাবেন। এছাড়া আজ শনিবার বিকেল থেকেই পালাক্রমে ভোটকেন্দ্র পাহারা দেবেন’ যোগ করেন তিনি।
বিএনপির এই মুখপাত্র অভিযোগ করে বলেন, আগের রাতে ব্যালটে নৌকা মার্কায় সিল মেরে রাখার পরিকল্পনাসহ নানামুখী নীলনকশা বাস্তবায়ন করার চেষ্টা চলছে।
