ভোলা-১ আসনের একটি ভোটকেন্দ্রে আনসার সদস্যের বন্দুক থেকে রাবার বুলেট বের হয়ে সহকারী প্রিসাইডিং অফিসারসহ দুজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের জামিরালতা ভোটকেন্দ্রে অস্ত্র নেড়েচেড়ে পরীক্ষা করছিলেন আনসার সদস্য ফিরোজ আলম। এ সময় অসাবধানতাবশত তার বন্দুক থেকে রাবার বুলেট বের হয়ে ঘটনাস্থলে থাকা সহকারী প্রিসাইডিং অফিসার কৃষি ব্যাংক কর্মকর্তা আলমগীর (৪৫) ও স্থানীয় যুবলীগ কর্মী মামুন (৩৫) আহত হন। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আহত সহকারী প্রিসাইডিং অফিসার আলমগীর জানান, নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করতে তারা ভোটকেন্দ্রের একটি কক্ষে অবস্থান করছিলেন। এ সময় পাশের কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে ওই কক্ষের চালার টিন ছিদ্র হয়ে এসে তার গায়ে লাগলে তিনি আহত হন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার খাদিজা স্বপ্না জানান, আনসার সদস্য ফিরোজের অদক্ষতার কারণে এ ঘটনা ঘটেছে। অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মাসুদ আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বন্দুকধারী আনসার সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে রাবার বুলেট হওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে।
