ফরিদপুর লক্ষ্মীপুরে অভিযোগ

ভোটকেন্দ্রে না যেতে বিএনপি নেতাকর্মীদের হুমকি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ০২:১৫ এএম

ফরিদপুর ও লক্ষ্মীপুরে বিএনপির প্রার্থীরা গতকাল শনিবার সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের হুমকি-ধমকি দিয়ে ভোটকেন্দ্র না যেতে ভয় দেখাচ্ছে। ফরিদপুরে সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ অভিযোগ করেন, নির্বাচনী এলাকার ১২৩টি ভোটকেন্দ্রে তার পক্ষের পোলিং এজেন্টদের নাম ঘোষণা করার পর কেন্দ্রে না যাওয়ার জন্য আওয়ামী লীগের লোকজন তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এতদিন হুমকি দিয়ে বলত, সবাইকে ভোট দিতে হবে প্রকাশ্যে এবং কেন্দ্রে বিএনপির কোনো এজেন্ট থাকতে পারবে না। এখন বলা হচ্ছে বিএনপির কোনো নেতা, কর্মী ও সমর্থককেই ভোটকেন্দ্রে যেতে দেওয়া হবে না। এজন্য প্রতিটি কেন্দ্রের চারপাশে আওয়ামী লীগের ‘লাঠিয়াল বাহিনী’ থাকবে বলে তিনি আশঙ্কা করেন।

ফরিদপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী ইছার ঝিলটুলীর বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। শামা বলেন, নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে অন্তত অর্ধশত অভিযোগ করেছেন। তিনি আক্ষেপ করে বলেন, এসব অভিযোগের কোনোটিই খতিয়ে দেখা হয়নি। এদিকে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূইয়া ও স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ ভূইয়া পৃথকভাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন তাদের ভোট কেটে বিজয় ছিনিয়ে নেওয়া হতে পারে। নিজ নিজ নির্বাচনী কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলন করেন তারা।  এ্যানি অভিযোগ করেন, লক্ষ্মীপুরে ভয়ানক ও অরাজক পরিস্থিতির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত