বৃহস্পতিবার বিএনপি প্রার্থীদের ডেকেছেন মির্জা ফখরুল

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১১:০৮ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সব প্রার্থীদের ঢাকায় ডেকেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এমপি প্রার্থীদের দেওয়া চিঠিতে বলা হয়, ভোটে অনিয়ম-কারচুপির প্রমাণ, প্রতিটি কেন্দ্রের ‘অস্বাভাবিক’ ভোটের হিসাব, গ্রেপ্তার এজেন্ট ও নেতাকর্মীদের তালিকা, সহিংসতায় আহত ও নিহতদের তালিকা করে একটি প্রতিবেদন দিতে হবে। চিঠিতে ভোট কারচুপির কোনো ভিডিও-ছবি থাকলে সংযুক্ত করতেও অনুরোধ করা হয়েছে।

যশোর-৪ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব দেশ রূপান্তরকে বলেন, ৩ জানুয়ারি বৃহস্পতিবার মহাসচিব গুলশান কার্যালয়ে ডেকেছেন। তারা সেখানে যাবেন।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও নতুন নির্বাচনের দাবিতে একইদিন বিকেল তিনটায় নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। এ সময় এসব প্রার্থীরা থাকবেন।

গত সোমবার রাতে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিল আইনি চেম্বারে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন ড. কামাল হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত