সীতাকুণ্ডের কুমিরায় নিহাদ হাসান রাজু (৬) নামের এক শিশুকে পানিতে চুবিয়ে মারার অভিযোগ উঠেছে তার সৎমার বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় কুমিরার হিঙ্গুলী পাড়ার ফজল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
জানা গেছে, হিঙ্গুলী পাড়া নিবাসী মহরম আলী তার দুই স্ত্রী ছবুরা খাতুন ও সামিনা আক্তারকে নিয়ে সংসার করে আসছিলেন। বড় বউ ছবুরা স্থানীয় গার্মেন্টসে চাকরি করেন। তার ঘরে ৬ বছরের সন্তান রাজু। ঘটনার দিন সন্ধ্যায় রাজুকে নিয়ে সৎমা সামিনা বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর ভেজা কাপড়ে ঘরে ফেরেন তিনি। এ অবস্থায় বাড়ির লোকজন সামিনাকে রাজুর কথা জিজ্ঞাসা করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। বাড়ির সবাই রাজুকে খোঁজাখুঁজি করতে পুকুর পাড়ে যান। ওই সময় পুকুরের পানি ঘোলা পাওয়া যায় এবং একপর্যায়ে রাজুর লাশ ভেসে উঠে। এলাকাবাসী লাশ উদ্ধার করে এবং সামিনাকে গণপিটুনি দেয়। স্থানীয় চেয়ারম্যান থানায় খবর দিলে পুলিশ এসে সামিনাকে আটক করে থানায় নিয়ে যায়।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলওয়ার হোসেন জানান, এই ঘটনায় রাজুর মা ছবুরা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
