বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অধিনায়কত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ২০১৬ আসরের রানার্সআপ রাজশাহী কিংস খেলবে এই অফ স্পিনারের নেতৃত্বে। অধিনায়কত্ব পাওয়ার পর মেহেদী হাসান মিরাজ বলেছেন, জাতীয় দলে তার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসানের কাছ থেকে পাওয়া শিক্ষা বিপিএলে কাজে লাগাতে চান তিনি।
আগের দুই আসরেও রাজশাহীর হয়ে খেলেছেন মিরাজ। এবার অধিনায়কত্ব পাওয়ার পর সংবাদমাধ্যমকে বলেন, “রাজশাহীর হয়ে তিন নম্বর আসর খেলতে যাচ্ছি। অভিজ্ঞতা হয়েছে। কীভাবে অধিনায়কত্ব করে দেখেছি। বাংলাদেশ দলের হয়েও খেলেছি। সাকিব ভাই, মাশরাফী ভাই আমার অধিনায়ক ছিলেন। তাদের নেতৃত্ব দেওয়ার ধরন দেখেছি। যা নিয়ে চিন্তা করতাম, মাথায় রাখতাম। এখন সেটি কাজে দেবে।”
২১ বছর বয়সী মিরাজ বিপিএলে অধিনায়কত্ব পাওয়াকে চাপ নয়, দেখছেন সুযোগ হিসেবে। মিরাজ বলেন, ‘‘এটি আসলে চাপ না। আগে যখনই অধিনায়কত্ব করেছি তা উপভোগ করতাম এবং ভালো অনুভব করতাম। আপনারা দেখেছেন অনূর্ধ্ব-১৯ দলেও আমি অধিনায়কত্ব করেছি। এটি আমার কাজে দিবে।”
রাজশাহী কিংসে রয়েছে অনেক দেশি-বিদেশি অনেক সিনিয়র ক্রিকেটার। তাদের নেতৃত্ব দেওয়া নিয়ে কি ভাবছেন মিরাজ? জাতীয় দলের অন্যতম এই তারকা বলেন, “আসলে এটি আমার জন্য সহজ হয়ে যাবে। আমাদের কোচ যিনি, ল্যান্স ক্লুজনার, সে অনেক ভালো একজন ক্রিকেটার ছিলেন দক্ষিণ আফ্রিকার এবং অনেক ভালো কোচ। আর আমাদের যে সিনিয়র ক্রিকেটার রয়েছে এবং আমাদের টিম ম্যানেজমেন্টে যারা আছেন তারা অনেক অভিজ্ঞ। এটি আমার জন্য অনেক সোজা হয়ে যাবে যে তারা আমাকে সাহায্য করবে।’’
রাজশাহী কিংস
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার (সহ অধিনায়ক), মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, শাহরিয়ার নাফীস, কামরুল ইসলাম, ফজলে মাহমুদ রাব্বি, জাকির হাসান, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মার্শাল আইয়ুব, ক্রিস্টিয়ান জঙ্কার, ইসুরু উদানা, লরি ইভান্স, রায়ান টেন ডেসকাট, শেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি ও কায়েস আহমেদ।
