নিখোঁজের পর দিন কলাখেতে মিলল স্কুলছাত্রের লাশ

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০২:২৪ পিএম

ঝিনাইদহ সদরের মুরারীদহ গ্রামে বিল্লাল হোসেন (৯) নামে এক স্কুল ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে মুরাদ গ্রামের মিজানের রহমানের কলাখেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বিল্লাল হোসেন মুরারীদহ গ্রামের শহিদুল শেখের ছেলে। সে মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ জানান, বৃহস্পতিবার বিকেলের পর থেকে বিল্লাল নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও রাতে পায়নি। সকালে ওই গ্রামের মিজানের কলাখেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়।

পুলিশ সেখানে গিয়ে বিল্লালের মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শ্বাসরোধ করে বিল্লালকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি এমদাদুল হক জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত