সাড়ে আট কোটি টাকা উদ্ধারের মামলায় বিএনপি প্রার্থী গ্রেপ্তার

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০৬:০৫ পিএম

একাদশ সংসদ নির্বাচনে 'কালো টাকা' ছড়িয়ে ফলাফল প্রভাবিত করার অভিযোগে রাজধানীর মতিঝিলে সাড়ে আট কোটি টাকা উদ্ধারের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখান হয়েছে শরীয়তপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দীন আহমেদ অপুকে।

শুক্রবার র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাসেম এ তথ্য নিশ্চিত করেন। মানি লন্ডারিং মামলায় এ বিএনপি প্রার্থী ছিলেন চার নম্বর আসামি।

গত মঙ্গলবার মতিঝিলে র‌্যাবের বিশেষ অভিযানে সাড়ে ৮ কোটি নগদ টাকা, ১০ কোটি টাকার চেক ও ধানের শীষের নির্বাচনী প্রচারপত্রসহ একটি প্রতিষ্ঠানের তিনজন গ্রেপ্তার হয়েছেন, যাদের মধ্যে একজনের সঙ্গে ‘হাওয়া ভবনের’ সম্পর্ক ছিল বলে র‌্যাব দাবি করেছে।

তখন ইউনাইটেড করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হায়দার আলী (২৪), মহাব্যবস্থাপক (প্রশাসন) জয়নাল আবেদীন (৪৫) ও আলমগীর হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

তাদের স্বীকারোক্তির ভিত্তিতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৱসাধীন অবস্থায় নুরুদ্দীন অপুকে গ্রেপ্তার দেখান হয়।   

র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ টাকা ও চেক উদ্ধারের পর বলেছিলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার মাধ্যমে একটি বিশাল চক্র প্রভাবিত করতে পারে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুদিন ধরে অভিযান চালিয়ে মতিঝিল থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৮ কোটি টাকা নগদ ও ১০ কোটি টাকার চেক পাওয়া গেছে। এদের মধ্যে একজন হাওয়া ভবনে কাজ করত। এই অভিযানের মাধ্যমে নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিয়ে যাওয়ার ভয়াবহ ষড়যন্ত্রকে নস্যাৎ করতে পেরেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত