ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি চেয়ে সনাসের মানববন্ধন

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১০:১৮ পিএম

একাদশ জাতীয় নির্বাচনে ভোটের দিন রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নারী ধর্ষণের ঘটনায় গণধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ (মৃত্যুদণ্ড) শাস্তির দাবি জানিয়েছে সচেতন নাগরিক সমাজ (সনাস)। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৩৫-ঊর্ধ্ব এক গৃহবধূর ওপর একদল কাপুরুষ এ কাজ করেছে। এই ধর্ষকদের সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এদের থেকে নিস্তার পেতে হলে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

ধর্ষণকে প্রতিহত করার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, এ রকম দুঃস্বপ্নময় ঘটনা কোনো মা-বোনকে আর যেন না দেখতে হয়। চাই না কোনো মা-বোনের সঙ্গে এমন ঘটনা ঘটুক। হাতে হাত রেখে মানবপ্রাচীর হয়ে আমরা নির্বাক দাঁড়িয়ে থাকব, প্রতিবাদ করব, নতুন করে দীপ্ত শপথ নেব। আর একজন নারীকেও যেন ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের শিকার না হতে হয়। এ জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিহত করতে হবে। মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য শরাফত শরীফ, ইখলাস আল ফাহিম, কে এম ইমরান হোসাইন, রিয়াদ বিন সাঈদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত