আজ আপিল বিভাগে আলাদা বেঞ্চের কার্যক্রম শুরু

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ০৯:১০ পিএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আলাদা দুটি বেঞ্চে বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে আজ রবিবার।  গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপিল বিভাগে একটির পরিবর্তে দুটি বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নেন। ওইদিনই এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান ওইদিন জানান, গত এক বছরের বেশি সময় ধরে আপিল বিভাগে একটি কোর্টে মামলা পরিচালিত হয়ে আসছিল। বিভাগে ১৯ হাজারের বেশি মামলা বিচারাধীন রয়েছে। মামলাজট কমাতে প্রধান বিচারপতি এই সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আপিল বিভাগের এক নম্বর বেঞ্চে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে বসবেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. নুরুজ্জামান। আর দ্বিতীয় বেঞ্চে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলীর সঙ্গে থাকবেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি আবু বকর সিদ্দিকী।  চেম্বার জজ আদালতে দায়িত্ব পালন করবেন বিচারপতি মো. নুরুজ্জামান। গতকাল শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, আপিল বিভাগের প্রকাশিত দৈনন্দিন কার্যতালিকায় শুনানির জন্য দুটি বেঞ্চে আলাদা মামলার তালিকা প্রকাশ করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত