বাণিজ্য মেলার ফুডকোর্টে মূল্য তালিকা না থাকলে স্টল বন্ধ

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ০২:১৫ এএম

রাজধানীর শেরেবাংলা নগরে আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ফুডকোর্টে মূল্য তালিকা প্রদর্শন না করলে সেসব স্টল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। এছাড়া মেলা প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। গতকাল শনিবার ডিএমপি সদর দপ্তরে বাণিজ্য মেলার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কিত সমন্বয় সভায় এসব তথ্য তুলে ধরেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে মেলায় আসা দর্শনার্থীরা আলাদা আলাদা পথে মেলায় ঢুকবেন ও বের হবেন। মেটাল ডিটেক্টর ও আর্চওয়ের ফটক দিয়ে ঢুকতে হবে। মেলা প্রাঙ্গণ ও তার আশপাশে থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। সিসি ক্যামেরা দিয়ে পুরো মেলা এলাকা ও তার আশপাশ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। টিকিট কালোবাজারি ও ইভটিজিং রোধে থাকবে পুলিশের বিশেষ দল। মেলার ভেতরে সুবিধাজনক স্থানে স্থাপন করা হবে চারটি হেল্প ডেস্ক। থাকবে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা।

ডিএমপি কমিশনার আরও বলেন, প্রতিবারের মতোই আমরা যথেষ্ট মজবুত ও সুসমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে মাসব্যাপী পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন।

এবারের ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ৯ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৮ ফেব্রুয়ারি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত