ট্যাঙ্কলরির সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল চালককে চাপা দিল বাস

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ০২:৩৫ পিএম

বগুড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী ট্যাঙ্কলরির ধাক্কায় একজন নিহত ও অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। ঢাকা-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার চন্ডিহারায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত ইউসুফ আলী (৫৫) শিবগঞ্জ উপজেলার রায়নগর গ্রামের মৃত মমতাজ আলী প্রামাণিকের ছেলে। তিনি স্থানীয় লাকী হজ্ব কাফেলার মোয়াল্লেম হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে রংপুর থেকে ঢাকাগামী শ্যামলী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস চন্ডিহারা বাজারের কাছে পৌঁছালে বিপরীতগামী তেলবাহী একটি ট্যাঙ্কলরির সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় মোটরসাইকেলযোগে ঘটনাস্থল অতিক্রম করছিলেন হজ্ব কাফেলার মোয়াল্লেম ইউসুফ আলী। ধাক্কায় বাসটি ওই মোটরসাইকেলসহ পাশের একটি দোকানের ভেতর ঢুকে যায়। এতে মোটরসাইকেল চালক ইউসুফ আলী ঘটনাস্থলেই নিহত হন এবং বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করে। নিহত ব্যক্তির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত