কালো তাই এক বছরের শিশুকে লাথি দিলেন মডেল

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ০৬:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রে ক্যানসাস শহরে আফ্রো-আমেরিকান এক শিশুকে লাথি মারায় আটক হয়েছেন জনপ্রিয় মডেল ট্র্যাস অ্যাডাম রিফ।

সপ্তাহখানেক আগের ওই বর্ণবাদী ঘটনায় ৩১ বছর বয়সী রিফকে আটক করা হয়। তবে কয়েক ঘণ্টার মধ্যে সেজউইক ক্যান্ট্রি জেল থেকে সাড়ে তিন হাজার ডলার জামানতের বিনিময়ে ছাড়া পান তিনি।

একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শিশুটি ওই সময় মায়ের সঙ্গে গ্রোসারি শপে অবস্থান করছিল। রিফের আক্রমণে সে মেঝেতে পড়ে যায়।

জানা যায়, ওই সময় বর্ণবাদী মন্তব্যও করেন রিফ। শ্বেতাঙ্গদের প্রাধাণ্য দাবিও করেন।

রিফ ফ্যাশন মডেল হিসেবে নিউইয়র্কে কাজ করেন। নামি-দামি বেশ কয়েকজন ডিজাইনারের পোশাক পরে তিনি র‌্যাম্পেও হেঁটেছেন।

আটকের ঘণ্টাখানেকের মধ্যে তাকে ছেড়ে দেওয়া সবাইকে বিস্মিত করেছে। আর শিশুটির মা-বাবা বিষয়টিকে ভালোভাবে নেননি।

তবে রিফের পরিবার বলছে, তার মানসিক-শারিরীক সমস্যা রয়েছে। তাকে বছরখানেক গৃহহীন অবস্থায়ও কাটাতে হয়েছে। যা তার শরীর ও মনে প্রভাব ফেলে।

রিফের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে আগে থেকে। এর মধ্যে আছে মাদক নিয়ে ঝামেলা, সরকারি কর্মকর্তাদের আঘাত ও পারিবারিক কলহ। তিনি কয়েকবার আটকও হয়েছিলেন।

আক্রান্ত শিশুটির মা ল্যাসাতাই হুটেকার জানান, এমন ঘটনার পর রিফকে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। তিনি এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট দেন। এর পর তার সঙ্গে দেখা করতে অনেকেই আসেন। সান্ত্বনা দেন। ওই গ্রোসারি শপের মালিক শিশুটির জন্য উপহার নিয়ে যান।

রিফকে ছেড়ে দেওয়া হলেও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন স্থানীয় ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। রিফের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত