সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১১:৫৯ এএম

সাভারের হেমায়েতপুরে বেতন বৈষম্যের অভিযোগ এনে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করে। পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে শ্রমিক ও পুলিশসহ আহত হন অন্তত অর্ধশতাধিক।

আহত শ্রমিক ও পুলিশদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুরে পদ্মার মোড় বাগবাড়ি এলাকায় এই শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।

পুলিশ ও বিক্ষুব্ধ শ্রমিকেরা জানায়, হেমায়েতপুরের পদ্মার মোড় বাগবাড়ি এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের শামস স্টাইল ওয়্যারস লিমিটেডের শ্রমিকেরা সকালে কাজে যোগ না দিয়ে কারখানার পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে তাদের সাথে পার্শ্ববর্তী দিপ্ত অ্যাপারেলস কারখানাসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরাও আন্দোলনে যোগ দেন। পরে তারা হেমায়েতপুর-শ্যামপুর সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয়।

এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলি হয়। সংঘর্ষে পুলিশসহ আহত হন অর্ধশতাধিক শ্রমিক। এ সময় পুলিশ শ্রমিকদের উপর জলকামান নিক্ষেপ করে। প্রায় ৩ ঘণ্টাব্যাপী চলে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। এখনও বিক্ষুব্ধ শ্রমিকেরা বিভিন্ন শাখা সড়ক ও গলিতে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট, জলকামান ও সাঁজোয়া নিয়ে শ্রমিকদের প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়া অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে পুরো এলাকায়।

সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত