চাঁপাইনবাবগঞ্জ শহরের কল্যাণপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার গোমস্তাপুর উপজেলার কয়লার দিয়াড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে মিজানুর রহমান পলাশ (৩২) ও কলেজপাড়া মহল্লার সালাহউদ্দিনের ছেলে মশিউর রহমান পপেল (৩১)।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে গোমস্তাপুর থেকে চাঁপাইনবাবগঞ্জে আসছিল পলাশ ও পপেল। কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের সামনে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিলে তারা ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন প্রায় আধাঘণ্টা চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
পুলিশ জানায়, ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
