ভারত-পাকিস্তান যুদ্ধ হবে আত্মঘাতী : ইমরান

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১২:০৪ এএম

ভারত ও পাকিস্তানের মতো দুটি পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ দেশের মধ্য যুদ্ধ হলে তা হবে আত্মহত্যার শামিল। এ দুই প্রতিবেশী দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে বলে মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

গতকাল মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুদেশের মধ্যে স্নায়ুযুদ্ধও কাম্য নয় বলে মনে করেন ইমরান। তিনি বলেন, ‘পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ এ দুদেশের কখনোই (নিজেদের মধ্যে) যুদ্ধ নিয়ে চিন্তা করা উচিত নয়। এমনকি স্নায়ুযুদ্ধও নয়। কারণ, এটা যেকোনো সময় খারাপ অবস্থার দিকে যেতে পারে। এখানে একটাই উপায় দ্বিপক্ষীয় আলোচনা। পরমাণবিক অস্ত্রসমৃদ্ধ দুদেশের মধ্যে যুদ্ধ আত্মহত্যার শামিল।’

ইমরানের দল পিটিআইয়ের (তেহরিক-ই-ইনসাফ) বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী তিনি। একই সঙ্গে ইমরান এটাও উল্লেখ করেন, ভারত এ ক্ষেত্রে আশানুরূপ সাড়া দিচ্ছে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত যদি এক পা আগায়, আমরা দুই পা এগোব। কিন্তু বিভিন্ন সময় ভারত-পাকিস্তানের দেওয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।’

সাক্ষাৎকারে কাশ্মীরের সমস্যা নিয়েও কথা বলেন সাবেক ক্রিকেট তারকা ইমরান। তিনি বলেন, ‘ভারত কখনোই কাশ্মীরের জনগণের অধিকার হরণ করতে পারবে না।’ ২০১৬ সালে ভারতে সন্ত্রাসী হামলা এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানের পর দুদেশের মধ্যকার সম্পর্ক আবার খারাপ হয়। এর জের ধরে ২০১৭ সালের পর থেকে দুদেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে কোনো দ্বিপক্ষীয় আলোচনা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত