চীনের রাজধানী বেইজিংয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ে ছুরিকাঘাতে ২০ স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল মঙ্গলবারের এ ঘটনায় হামলাকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে রয়টার্স।
বেইজিংয়ে শিশুদের ওপর এ ধরনের সহিংসতার ঘটনা বিরল। ঘটনার পর সিচেং জেলা প্রশাসন তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে জানিয়েছে, আহত শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন মারাত্মক আহত হলেও শঙ্কামুক্ত। সিচেং প্রশাসন হামলার বিষয়ে এর বেশি কিছু বলেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে জানা যায়, ছুরি দিয়ে শিশুদের মাথায় আঘাত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন রয়টার্সকে জানিয়েছেন, স্কুলের কাছে একটি হাসপাতালের বাইরে পুলিশের ছয়টি গাড়ি দেখা গেছে। পরে হামলার বিষয়ে জানতে চাইলে পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
চীনে সহিংসতার ঘটনা সচরাচর দেখা যায় না। তবে সাম্প্রতিক বছরগুলোতে ছুরি ও কুঠার নিয়ে বেশ কিছু হামলা হয়েছে। এর মধ্যে কয়েকটি হয়েছে শিশুদের লক্ষ্য করে।
২০১৭ সালের জানুয়ারিতে চীনের দক্ষিণাঞ্চলে সবজি কাটার ছুরি দিয়ে ১২ শিশুকে আঘাত করেন এক ব্যক্তি। চলতি বছরের জানুয়ারিতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
