লক্ষ্মীপুরে মা-বাবা হারানো বিষণ্ণ কিশোরের আত্মহত্যা

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১২:৫৯ এএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে দুই বছরের মধ্যে মা-বাবা দুজনকেই হারিয়ে পরিবারের বেঁচে থাকা একমাত্র সদস্য এক কিশোর আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। উপজেলার ভোলাকোট ইউনিয়নের শাকতলা গ্রামের পশ্চিম ফকির বাড়িতে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। মৃত শান্ত (১৪) নাগমুদ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল। তার স্বজনরা জানান, ২০১৬ সালে শান্তর মা নুরজাহান বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। কিছুদিন পর তার বাবা সিদ্দিক উল্যা আবার বিয়ে করেন। বাবার দ্বিতীয় বিয়ে শান্ত মেনে নিতে পারেনি। এর মধ্যে এক বছরের মাথায় তার বাবাও হৃদরোগে মারা গেলে শান্ত একা হয়ে যায়।  নিকটাত্মীয় ফারুক সালেকিন জানান, মা ও বাবার মৃত্যুর শোক সইতে না পেরে বিষণ্ণ ছিল শান্ত। মঙ্গলবার সন্ধ্যায় বিষপান করে সে। বাড়ির লোকজন তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রওশন জামিল বলেন, ‘রোগী যাত্রাপথে মারা গেছে বলে ধারণা করছি। অত্যধিক বিষক্রিয়ার কারণে তার মুখে দুর্গন্ধ পাওয়া গেছে। বিষক্রিয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।’ রামগঞ্জ থানার ওসি তদন্ত ফজলুর রহমান বলেন, এ বিষয়ে কারও পক্ষ থেকে অভিযোগ না পাওয়ায় শান্তর মরদেহ তার নিকটাত্মীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত